আইপিএলের যে নিয়মটি ১৭ বছরে একবারও ব্যবহার হয়নি

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১১:৪৬ এএম

আইপিএলের অষ্টাদশ সংস্করণ শুরু হওয়ার আর এক সপ্তাহ বাকি। বিশ্বের জনপ্রিয় এই ক্রিকেট লিগ কাটিয়ে ফেলেছে ১৭ মৌসুম। সেই শুরু থেকেই আইপিএলে বিশেষ একটা নিয়ম আছে, যা কাজে লাগালে দলগুলো ফায়দা নিতে পারত। কিন্তু গত ১৭ বছরেও কোনো দল সেই নিয়ম ব্যবহার করেনি। এবারের আইপিএল শুরুর আগে দলগুলিকে আরও একবার সেই নিয়মের কথা মনে করিয়ে দিয়েছে বিসিসিআই।

আইপিএলের সেই নিয়মটি হল, ‘আংশিক সময়ের বদলি ক্রিকেটার’ নেওয়া। অর্থাৎ আইপিএলের রেজিস্টার্ড প্লেয়ার পুল বা আরপিপি থেকে কোনো ক্রিকেটারকে যেকোনো সময় নেওয়া যাবে। তবে টুর্নামেন্টের নির্দিষ্ট কিছুটা সময়ই সেই ক্রিকেটার খেলতে পারবেন। তারপর তাকে ছেড়ে দিতে হবে। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরেকটু পরিস্কার করা যেতে পারে।

ধরা যাক, কোনো আইপিএলের দুটি ম্যাচ হওয়ার পর একটি দলের সব উইকেটকিপারই চোট পেয়েছেন। পরের ম্যাচে উইকেটকিপার হিসাবে খেলার মতো কেউ নেই। ফলে জরুরি পরিস্থিতিতে আরপিপি থেকে একজন উইকেটকিপার নিতে পারে সংশ্লিষ্ট দল। যতদিন না দলের অন্তত একজন উইকেটকিপার সুস্থ হচ্ছেন, ততদিন আরপিপি থেকে নেওয়া উইকেটকিপার খেলতে পারেন। সেটি একটি ম্যাচ বা দুটি ম্যাচও হতে পারে। আবার ১০টি ম্যাচও হতে পারে। তবে একবার নেওয়ার পর টুর্নামেন্টের পুরো সময়টা তিনি খেলতে পারবেন না।

আগামী ২২ মার্চ থেকে আইপিএল শুরুর আগে দলগুলোকে এই নিয়মের কথা আবার মনে করিয়ে দিয়েছে বিসিসিআই। পাশাপাশি আরপিপিতে কারা আছেন সেই তালিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, আরপিপি থেকে কোনো ক্রিকেটার নিতে গেলে আগে বোর্ডকে জানাতে হবে। অনুমতি পাওয়া গেলে তবেই পছন্দের ক্রিকেটার নেওয়া যাবে। তবে প্রতিটি দলে একাধিক বিকল্প থাকায় কোনো দলই এই নিয়ম ব্যবহারে আগ্রহী নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত