ময়মনসিংহের ধোবাউড়ায় একটি পুকুর থেকে ৬০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি পুকুর থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।
ধোবাউড়া থানার ওসি মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল থেকে গোবিন্দপুর গ্রামের তালুকদার বাড়ির একটি পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছিল। দুপুরে পুকুরে ৬০ রাউন্ড গুলি দেখতে পান শ্রমিকরা। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে গুলিগুলো উদ্ধার করে নিয়ে আসে।
ওসি আরও বলেন, গুলিগুলো পুরাতন। কত দিন আগে এগুলো পুকুরে ফেলে রাখা হয়েছে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে এগুলো ব্যবহারের উপযোগী কি না। স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও তারা এ এলাকায় গুলি পেয়েছেন। সেগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের গুলি ছিল।
