মাগুরার সেই শিশু ধর্ষণের তিন আসামি রিমান্ড শেষে কারাগারে

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৬:৩২ এএম

মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে আট বছরের শিশু নিহতের মামলায় তিন আসামিকে জিজ্ঞাসাবাদ (রিমান্ড) শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। অন্যদিকে নিহত শিশুটির পরিবারের জন্য ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল তার পাঠানো উপহার পরিবারটির কাছে পৌঁছে দেওয়া হয়।

এদিকে বরগুনায় মেয়ের ধর্ষণের ঘটনায় বাদী হয়ে মামলা করার কয়েক দিন পর লাশ উদ্ধার হওয়া বরগুনার মন্টু দাসের বাড়ি গতকাল পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলাম। এ সময় তিনি প্রতি মাসে পরিবারটিকে তার দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে বলে জানান।

মাগুরায় শিশু ধর্ষণের ৩ আসামি রিমান্ড শেষে কারাগারে : মাগুরা পুলিশের সদর আদালতের সাধারণ নিবন্ধন অফিসার (জিআরও) আবদুল হামিদ জানান, ধর্ষণ ও নির্যাতনে আট বছরের শিশু নিহতের মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) আলাউদ্দিন সরদার তিন আসামির পাঁচ দিনের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বিকেল ৪টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মতিনের আদালতে হাজির করেন। এ তিন আসামি হলো নিহত শিশুর বোনের শাশুড়ি জায়েদা বেগম, বোনজামাই সজীব শেখ ও বোনের ভাশুর রাতুল শেখ। এর আগে গত শনিবার এ মামলার প্রধান আসামি হিটু শেখ ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিলে বিচারক তাকে কারাগারে পাঠিয়ে দেয়।

পরিবারের জন্য ঈদ উপহার তারেক রহমানের : ধর্ষণ ও হত্যার শিকার আট বছরের শিশুটির পরিবারের জন্য ঈদুল ফিতর উপলক্ষে তারেক রহমানের পাঠানো উপহার গতকাল সকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি শিশুটির মায়ের হাতে তুলে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের নেতা রবিউল ইসলাম নয়ন, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, জেলা বিএনপির নেতা আলমগীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বরগুনার মন্টু দাসের বাড়ি পরিদর্শনে জামায়াত আমির : গতকাল বেলা ১১টার দিকে বরগুনা পৌরসভার কালীবাড়ি এলাকায় মন্টু দাসের বাড়ি পরিদর্শনে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলাম। এ সময় মন্টু দাসের পরিবারের সদস্যদের হাতে উপহারসামগ্রী তুলে দেন তিনি। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

এর আগে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে মন্টু দাসের বাড়ি পরিদর্শনে যান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি নুরুল ইসলাম মনি। এ সময় তিনি বলেন, নির্যাতিত শিশু এবং নিহত মন্টু দাসের পরিবারের পাশে দাঁড়িয়ে সব ধরনের সহযোগিতা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত