মুন্সীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় সাতটি “স” মিল ও একটি হিমাগারকে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ২ টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত জেলার টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে “স” মিল এবং হিমাগারে এসব অভিযান চালানো হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশ অধিদপ্তরের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ জরিমানা করেন।
এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বালিগাঁও বাজার সংলগ্ন সানফ্লাওয়ার কোল্ডস্টোরেজের স্বত্বাধিকারী মো. মনিরুজ্জামানকে ৩ লাখ টাকা জরিমানা করেন। এছাড়াও একই বাজার এলাকায় অবস্থিত মামুন “স” মিলের মালিক নান্নু মিয়া, বাংলাদেশ টিম্বার্স এন্ড “স” মিলের মালিক আবু জাফর লিটন, মেসার্স আল্লাহর দান টিম্বার এন্ড “স” মিলের মালিক মো. কামরুজ্জামান, মেসার্স আশরাফ আলী টিম্বার্স এন্ড “স” মিলের মালিক আশরাফ আলী, সিদ্দিকুর রহমান টিম্বার এন্ড “স” মিলের মালিক সিদ্দিকুর রহমান,, রাজু টিম্বার্স অ্যান্ড “স” মিলের মালিক বারেক হাওলাদারকে এক লাখ টাকা করে জরিমানা করেন।
এ সময় একই বাজারের মেসার্স পপুলার টিম্বার্স এন্ড “স” মিলের মালিক মো. আল-আমিনকে এক লাখ টাকা জরিমানা করা হলে, এ সময় তিনি উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে ৪০ দিনের সাজা পরোয়ানা জারি করার নির্দেশ দেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার হোসেন এবং মুন্সীগঞ্জ পুলিশের একটি বিশেষ টিম।
