ভিজিএফের চাল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৪

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০১:৩২ এএম

শরীয়তপুরের গোসাইরহাটে ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে সময় ককটেল বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সামন্তসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কবির হোসেন মাওলানা (৪৮), আলী আহম্মেদ আনোয়ার হোসেন হাওলাদার (৪২), জামাল মোল্লা (৫০) ও সামন্তসার ইউপির সংরক্ষিত মহিলা সদস্য রেহানা বেগম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে সামন্তসার ইউনিয়ন পরিষদে ৬০০ দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছিল। এরমধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি তারেক আজিজ মোবারক ঢালীর পক্ষের লোক উপজেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক কবির মাওলানা, সামন্তসার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবুল মাস্টার ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মাদবর দুস্থ ও অসহায়দের জন্য ভিজিএফের ২০০ স্লিপ পান। সেই স্লিপের চাল দিতে বাধা দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন নান্টু খান। এতে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে নান্টু খান লোকজন নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালান। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে কবির, আনোয়ার, জামাল ও  রেহানা নামের চারজন আহত হন।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন নান্টু খান বলেন, ‘মোবারক ঢালী গোসাইরহাট উপজেলার। তিনি ও তার  লোকজন সামন্তসার ইউনিয়নে এসে কর্তাগিরি করতে চান। আমার সঙ্গে পরামর্শ না করে মোবারক ঢালীর লোকজনকে ২০০ স্লিপ দেওয়া হয়। এ বিষয় নিয়েই দুপক্ষের মধ্যে ঘটনাটি ঘটেছে।’

উপজেলা বিএনপির সাবেক সভাপতি তারেক আজিজ মোবারক ঢালী বলেন, ‘ইউপি নির্বাচনের পর থেকে নান্টু খানের সঙ্গে আমার  লোকজনের দ্বন্দ্ব চলছে। আজ আবার নান্টু খান আমার লোকজনকে চাল দিতে বাধা দেয়। আবার আমার লোকজনের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়। হামলায় আমাদের লোকজন আহত হয়।’

গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলম বলেন, ‘ভিজিএফের চাল  দেওয়া নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত