নতুন দলের নিবন্ধন

ইসির গণবিজ্ঞপ্তির বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৫:২৫ এএম

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গণবিজ্ঞপ্তির বৈধতার প্রশ্নে রুল দিয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ইসির দেওয়া গণবিজ্ঞপ্তি ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’র ক্ষেত্রে স্থগিত করছে হাইকোর্ট।

এক রিট আবেদন প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। রুলে গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০(খ)-এর আলোকে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন চেয়ে ১০ মার্চ প্রকাশিত গণবিজ্ঞপ্তি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম গত রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন। আবেদনের যুক্তিতে তিনি বলেন, পুরনো আইনের আলোকে ইসির এ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সুপারিশ অগ্রাহ্য করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের সংবিধানে রাজনৈতিক দলের যে সংজ্ঞা রয়েছে, এই বিজ্ঞপ্তি সেই স্পিরিটের বিরুদ্ধে গেছে। শুধু তাই নয়, ইসির এই সিদ্ধান্তে পাহাড়ি জনগোষ্ঠীকে রাজনৈতিক দল গঠনের অধিকার ও সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবেদা গুলরুখ।

রিটকারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম দেশ রূপান্তরকে বলেন, ‘হাইকোর্ট ইসির বিজ্ঞপ্তির ওপর রুল দিয়েছেন। আমাদের ক্ষেত্রে (রাষ্ট্র সংস্কার আন্দোলন) ইসির এই বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন।’

গত ১০ মার্চ রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। এতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০(ক)-এর অধীন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করতে ইচ্ছুক এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮-এ উল্লিখিত শর্তাবলি পূরণে সক্ষম রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশন প্রদত্ত নির্দেশিকা মোতাবেক বিধিমালায় সংযোজিত ফরম-১ পূরণ-পূর্বক আগামী ২০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত