রাজধানীর কামরাঙ্গীরচর এবং কেরানীগঞ্জ এলাকায় গতকাল মঙ্গলবার ভেজাল খাদ্য উৎপাদনকারী কারখানাগুলোতে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই এবং অনুমোদনহীনভাবে নুডলস উৎপাদন ও বিক্রির দায়ে তিন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-২-এর উদ্যোগে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান কামরাঙ্গীরচরের দুটি সেমাই উৎপাদন কারখানা এবং কেরানীগঞ্জে একটি নুডলস উৎপাদন কারখানায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
