তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, পত্রিকার বিজ্ঞাপনের হার পুনর্নির্ধারণ এবং মিডিয়ার তালিকা হালনাগাদ করা হবে। গতকাল মঙ্গলবার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি), গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও তথ্য অধিদপ্তর পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের শুটিং ফ্লোর, সাউন্ড থিয়েটার, ফিল্ম ল্যাব, ক্যামেরা সেন্টার, প্রোডাকশন রুম পরিদর্শন করেন। এ সময় তিনি এই স্থাপনাগুলো কীভাবে সংস্কার করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি।
এ সময় বিদ্যমান আইন-বিধি মেনে সেবা সহজীকরণ ও কাজের গুণগত মান বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
উপদেষ্টা দপ্তর ও সংস্থার মান উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ^াস দেন।
এ সময় তথ্য উপদেষ্টা চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রকাশনাগুলো দেখেন। কীভাবে আরও ভালো ভালো প্রকাশনা বের করা যায়, সে বিষয়ে পরামর্শ দেন তিনি।
