বাছাইপর্বে আগামী এক সপ্তাহের মধ্যে দুটি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামীকাল ভোরে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা, আর ২৬ মার্চ তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। তবে গুরুত্বপূর্ণ এই দুই লড়াইয়ের আগে বড় দুশ্চিন্তায় লিওনেল স্কালোনি। একের পর এক তারকা ফুটবলার চোটের কারণে ছিটকে গেছেন, যার ফলে এখনো পর্যন্ত উরুগুয়ের বিপক্ষে একাদশই চূড়ান্ত করতে পারেননি আর্জেন্টাইন কোচ।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি জানিয়েছেন, এখন পর্যন্ত দলের লাইনআপ ‘৯০ শতাংশ’ ঠিক করতে পেরেছেন তিনি। চোট-সমস্যায় জর্জরিত দল নিয়ে তিনি বলেন, 'যখনই ফিফা উইন্ডোতে খেলা থাকে, আমাদের সবসময় সতর্ক থাকতে হয়। আমরা জানতাম কিছু খেলোয়াড় ইনজুরিতে পড়বে, কয়েকজনকে হারানোর শঙ্কাও থাকবে। তাই ১৫ দিন আগে করা পরিকল্পনা এখন অপ্রাসঙ্গিক। আমাদের নতুন করে পরিকল্পনা সাজাতে হবে।'
আর্জেন্টিনার স্কোয়াডে ইনজুরিজনিত সমস্যা নতুন কিছু নয়। কিন্তু এবার চোট যেন একটু বেশিই ভোগাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। দলের তিন সেরা তারকাকে হারিয়ে স্কালোনি এখন একাদশ বাছাই করতেই হিমশিম খাচ্ছেন। তবে এই দুঃসময়ের মধ্যেও ইতিবাচক দিক খুঁজছেন আর্জেন্টাইন কোচ। তার মতে, 'আমাদের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই। তবে এটা অন্যদের নিজেদের প্রমাণ করার সুযোগ করে দেবে।'
কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ?
স্কালোনি এখনো আনুষ্ঠানিকভাবে একাদশ নিশ্চিত না করলেও, সংবাদমাধ্যম বোলাভিআইপি সম্ভাব্য একাদশ প্রকাশ করেছে। তাদের মতে, উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে, সেটি এমন—
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার
ফরোয়ার্ড: লিয়ান্দ্রো পারাদেস/গিলিয়ানো সিমিওনে, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেস
বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। তবে ইনজুরির কারণে দল দুর্বল হয়ে পড়েছে কি না, সেটির আসল পরীক্ষা হবে আগামীকাল উরুগুয়ের বিপক্ষে মাঠে নামলে। তরুণ ও বিকল্প খেলোয়াড়রা এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের প্রমাণ করতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়!
শিলংয়ের দ্বিতীয়তে 'সিলেটি' হামজার প্রথম
শিলংয়ে অনুশীলন হামজাদের, কৃত্রিম টার্ফ নিয়ে দুশ্চিন্তা