খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে কালীগঞ্জের মুক্তারপুর ইউনিয়নের বাগুন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলার আহ্বায়ক ও সাবেক এমপি ফজলুল হক মিলন।
অনুষ্ঠানে মিলন বলেন, ‘অসংখ্য ত্যাগের বিনিময়ে আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি। ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকার আমাদের ওপর অমানুষিক নির্যাতন করেছে। ১৭ বছরে আমি ১০ বার বিনা অপরাধে জেল খেটেছি। আমাদের কর্মীরা পুলিশে হয়রানি, জেল-জুলুম অত্যাচার সহ্য করেছে। আজ আমরা মুক্তভাবে কাজ করতে পারছি। ইফতার মাহফিল করতে পারছি। তার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া।’
পরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আলী নুর। এ ছাড়া বক্তারপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড মাজু খান বাজার মোড়ে বিএনপির একটি কার্যালয় উদ্বোধন করে বক্তব্য দেন ফজলুল হক মিলনসহ জেলা-উপজেলা-ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
