নাটোরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। পটুয়াখালীতে শ^াসরোধ করে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গাজীপুরে এক মাটি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ডাকাতরা। প্রতিনিধিদের পাঠানো খবর:
বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে কবরস্থান কমিটির সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে নজিম উদ্দিন (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হন। গতকাল শুক্রবার সকালে উপজেলার আহম্মেদপুর নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজিম উদ্দিন ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নওপাড়া গ্রামের আব্দুল গণির পিতা আব্দুস সামাদ মৃত্যুর আগে স্থানীয় কবরস্থানে ৬০ শতাংশ জমি দান করেন। এ জমির দখল নিয়ে কবরস্থান কমিটির সঙ্গে আব্দুল গণি ও তার ছেলেদের দ্বন্দ্ব চলছিল। এরই জেরে শুক্রবার সকালে কবরস্থান কমিটির সেক্রেটারি আরিফ হোসেনের নেতৃত্বে ২০-২৫ জন আব্দুল গণির রাইস মিলে তার ছেলে ফারুক হোসেনকে মারধর করে। এ সময় ফারুক ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে নজিম ঘটনাস্থলেই মারা যান।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় শ^াসরোধ করে স্ত্রী মাফিয়া বেগমকে (১৬) হত্যার অভিযোগ উঠেছে স্বামী মেহেদী হাসানের (২২) বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার লতাচাপলী ইউনিয়নের পাঞ্জুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মাফিয়ার পরিবার এটিকে হত্যা দাবি করলেও মেহেদীর পরিবার বলছে, মাফিয়া সবার অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মাফিয়ার পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে মাফিয়া তার ছোটবোন মারিয়াকে স্বামীর বাড়িতে আসতে বলে। মারিয়া এসে দেখতে পায় মেহেদী মাফিয়াকে মারধর করছেন। মারিয়া বাড়িতে ফিরে সবাইকে বিষয়টি জানায়। ওই দিন রাতে মেহেদী তার শ্বশুর হারিছকে ফোন দিয়ে জানান মাফিয়া গলায় দড়ি দিয়েছে। খবর পেয়ে মা-বাবা মাফিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে সজীব হোসেন (৩৮) নামে এক মাটি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ডাকাতরা। এ সময় অন্য এক মাটি ব্যবসায়ী আহত হন। এ ঘটনায় ডাকাত দলের দুই সদস্যকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
নিহত সজীব উপজেলার বোয়ালী ইউনিয়নের গাবচালা এলাকার মুক্তার আলীর ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়ার শেরপুরের হাটিগাড়ি এলাকার সোহেল শেখ (৪০) ও দিনাজপুরের বিরামপুরের মহেশপুর এলাকার মিজানুর রহমান (৪৫)।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সজীব হোসেন ও রয়েল নামে দুই মাটি ব্যবসায়ী মোটরসাইকেল যোগে হাটুরিয়াচালায় যাচ্ছিলেন। পথে বড়ইবাড়ি-জামালপুর আঞ্চলিক সড়কের হাটুরিয়াচালা এলাকায় পৌঁছালে তাদের গতিরোধ করে ১০-১৫ জনের ডাকাত দল টাকা-পয়সা লুট করার চেষ্টা করে। তখন দুই ব্যবসায়ী দৌড় দিলে ডাকাতরা সজীবকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় অন্য ব্যবসায়ী দৌড়ে পাশের একটি বাড়িতে ঢুকে চিৎকার করলে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া দিয়ে দুজনকে আটক করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শারমিন বেগম বলেন, ‘আমার স্বামী সজীবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’ এ ব্যাপারে কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, গ্রেপ্তারকৃতদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
