পাবনায় ছেলেকে কাজে যেতে বলায় বাবাকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৫:৫৮ এএম

পাবনার সাঁথিয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে উপজেলার পাইকরহাটি ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল মালেক (৬০) উপজেলার বরাট গ্রামের তয়জল শেখের ছেলে। অভিযুক্ত তার ছেলে মানিক (২৮)।

জানা যায়, বাবা ও ছেলের মধ্যে পূর্ব থেকে তেমন ঝামেলা ছিল না। গতকাল শনিবার সকালে বাবা বাঁশ কাটার জন্য উঠানে কুড়াল ধার দিচ্ছিলেন এবং ছেলেকে কাজে যাওয়ার জন্য ঘুম থেকে ডাকছিলেন। তখন ঘুম থেকে উঠে এসে বাবার সঙ্গে তর্কে জড়ায় মানিক। একপর্যায়ে বাবার ধার দেওয়া কুড়াল নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বাবাকে। এতে ঘটনাস্থলেই বাবা মালেক মারা যান। ঘটনার পর স্থানীয়রা মানিককে আটকে রাখলেও পরে সে পালিয়ে যায়।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান গতকাল বলেন, ‘বাবা ছেলের কথা-কাটাকাটি থেকে হত্যাকা-ের ঘটনা ঘটেছে বলে জেনেছি। ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এদিকে, কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আশিক (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। নিহত আশিক খাঁ মুমুরদিয়া ইউনিয়ন চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে।

স্থানীয়রা জানান, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটি নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্তত ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত