বিএনপির কিছু নেতাকর্মী নোয়াখালীর হাতিয়ায় পথসভাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এবং এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেছে দলটি। এতে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এনসিপি। পাশাপাশি এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। গতকাল মঙ্গলবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এনসিপি মনে করে, এ ধরনের হামলার ঘটনা পুরনো রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ এবং রাজনৈতিক অধিকার চর্চার ওপর
কর্তৃত্ববাদী হস্তক্ষেপ। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ঠিক একই কায়দায় সেøাগান দিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা করা হতো। বিএনপির নেতাকর্মীরাও দীর্ঘদিন ধরে পতিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ কর্তৃক ঠিক একইভাবে নির্যাতিত হয়েছে। ফলে অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা এ ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি চাই না।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই হামলার সাথে জড়িত প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’ এই হামলায় জড়িত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শিগগিরই সাংগঠনিক ব্যবস্থা নিতে বিএনপির প্রতি আহ্বান জানানো হয়। হামলার ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে গত সোমবার রাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন এনসিপির নেতারা। মিছিলটি বাংলা মোটর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে আবার বাংলা মোটরে ফিরে যায়।
