ময়মনসিংহ নগরীতে যুবক খুন

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৪:৩৮ পিএম

ময়মনসিংহে কথা কাটাকাটির জেরে মো.সাজিদ মিয়া (২৩) নামে এক যুবককে খুন করা হয়েছে। গতকাল বুধবার (২৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক নগরীর কাচিঝুলি হামিদ উদ্দিন রোডের আজাদ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কাচিঝুলির স্থানীয় বাসিন্দা মো. শফিকের ছেলে মন্টি (২৬) চা-স্টলে আড্ডা দিচ্ছিলেন। এসময় সাজিদ সেখানে গেলে মন্টির সঙ্গে হঠাৎ কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মন্টি চা-স্টলে থাকা সুপারি কাটার সর্তা দিয়ে সাজিদকে বুকে আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পরপরই মন্টি বাড়ি থেকে পালিয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে নিহত সাজিদের চাচা নূরু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত