রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ করা হয়েছে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন সড়ক, ভবন, ও স্থাপনার নামও পরিবর্তন হয়েছে। শেখ পরিবার ও আওয়ামী লীগের নেতাদের নামে করা বিভিন্ন স্থাপনার নাম গত মঙ্গলবার এক দপ্তর আদেশে পরিবর্তন করে ডিএসসিসি।
কর্মকর্তারা জানিয়েছেন, নামকরণ-সংক্রান্ত কমিটি প্রস্তাব দিয়েছিল। সে অনুযায়ী বোর্ড সভায় তা গৃহীত হয়।
এরপর সেটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়। স্থানীয় সরকার বিভাগ থেকে অনুমোদনের পর নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে।
নাম বদল হওয়া স্থাপনা হলো বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণির নাম পরিবর্তন করে আগের নাম ইনার রিং সড়ক করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণির নাম পরিবর্তন করে আগের নাম ঝাউচর প্রধান সড়ক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সরণির নাম পরিবর্তন করে আগের নাম কামরাঙ্গীরচর লোহারপুল-বুড়িগঙ্গা সড়ক, শহীদ শেখ রাসেল শিশুপার্ক, কলাবাগানের নাম পরিবর্তন করে আগের নাম কলাবাগান শিশুপার্ক, শহীদ শেখ রাসেল শিশুপার্ক, যাত্রাবাড়ীর নাম পরিবর্তন করে আগের নাম যাত্রাবাড়ী শিশুপার্ক, মেয়র শেখ তাপস সেতুর নাম পরিবর্তন করে আগের নাম কামরাঙ্গীরচর ব্রিজ, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নাম পরিবর্তন করে আগের নাম গে-ারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্কের নাম পরিবর্তন করে আগের নাম শরাফতগঞ্জ পার্ক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নাম পরিবর্তন করে আগের নাম কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র করার সুপারিশ করা হয়, মেয়র হানিফ অডিটরিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নগরভবন অডিটরিয়াম, মেয়র হানিফ ফ্লাইওভারের নাম হয়েছে গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার, মেয়র হানিফ জামে মসজিদের নাম হয়েছে আজিমপুর কবরস্থান জামে মসজিদ, মেয়র হানিফ মসজিদের নাম রাখা হয়েছে সায়েদাবাদ বাস টার্মিনাল জামে মসজিদ এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউর নাম হয়েছে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ।
সাড়ে পাঁচ বছর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে তৎকালীন সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ। ভারতের আগ্রাসনবিরোধী ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তার ওপর নির্যাতন চালায় বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে তার মৃত্যু হয়।
