লড়াই তাহলে হয়েই যাচ্ছে? অন্তত পরিস্থিতি সে দিকেই ইঙ্গিত করছে। লিওনেল মেসির বডিগার্ড ইয়াসিন চুকোর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন মার্কিন ইউটিউবার ও রেসলার লোগান পল। তবে একটি শর্ত দিয়েছেন তিনি, পরাজয়ের স্বাদ নিতে হলে চুকোকে তার পানীয় ব্র্যান্ড ‘প্রাইম’ পান করতে হবে।
আসলে এই বিরোধের সূত্রপাতই হয়েছিল পানীয় নিয়ে। ২০২২ সালে লোগান পল ও কেএসআই যৌথভাবে বাজারে আনেন ‘প্রাইম’ নামের একটি পানীয়। এরপর ২০২৩ সালের জুনে মেসিও তার নিজস্ব পানীয় ব্র্যান্ড ‘মাস+’ চালু করেন। কিন্তু দুই পানীয়ের প্যাকেজিং ও ডিজাইন প্রায় একই হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়। এ নিয়ে নিউইয়র্কে ‘প্রাইম’-এর বিরুদ্ধে মামলা ঠুকে দেন মেসির আইনজীবীরা, যা পরবর্তীতে পাল্টা মামলায় গড়ায়।
এরপর লোগান পল এক ভিডিও বার্তায় ঘোষণা দেন, যদি মেসি তার সঙ্গে রিংয়ে লড়াই করেন, তবে তিনি মামলা প্রত্যাহার করবেন। এর উত্তরে মেসির বডিগার্ড চুকো জানান, মেসি তাকে চেনেনই না, তবে লড়াই করতে হলে লোগান তার সঙ্গেও করতে পারেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে চুকো আবারও লোগানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘মানুষের জন্য লড়াই করি, চলো এটা করি!’ এ নিয়ে প্রথমে চুপ থাকলেও বুধবার ইউটিউবে পোস্ট করা ভিডিওতে লোগান তার অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ‘যদি চুকো বক্সিং লড়াই করতে চায়, তবে আমি প্রস্তুত। তবে শর্ত একটাই, হারলে তাকে ‘প্রাইম’ পান করতে হবে।’
লোগান আরও বলেন, ‘মেসির জন্য খারাপ লাগছে। কারণ, মামলায় তো হারবেই, হয়তো বডিগার্ডকেও হারাবে। একজন ইউটিউবারের কাছে হারলে তাকে রাখার দরকার কী?’
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মেসি চুকোকে ব্যক্তিগত বডিগার্ড হিসেবে নিয়োগ দেন। যুক্তরাষ্ট্রের নাগরিক চুকো পেশায় সাবেক মিক্সড মার্শাল আর্টিস্ট। তার উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। এক সময় মার্কিন সেনাবাহিনীর নেভি সিলের সদস্য ছিলেন বলে দাবি করা হলেও ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, নেভি সিলে তার কোনো রেকর্ড নেই। তবে বক্সিং ও তায়কোয়ান্দোতে বিশেষ দক্ষতা রয়েছে তার। মেসির নিরাপত্তায় ৫০ সদস্যের একটি দল পরিচালনা করেন চুকো, যিনি ২৪ ঘণ্টাই মেসি ও তার পরিবারের সুরক্ষা নিশ্চিত করেন।
ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার লোগান পল ২০২২ সালে ডব্লিউডব্লিউই-এর সঙ্গে চুক্তিবদ্ধ হন। ২০২১ সালে কিংবদন্তি বক্সার ফ্লয়েড মেওয়েদারের সঙ্গে প্রদর্শনী লড়াইও করেন তিনি। তার ভাই জ্যাক পলও পেশাদার বক্সার ও ইনফ্লুয়েন্সার। এখন দেখার বিষয়, দুজনের কথার লড়াই সত্যিই রিংয়ে গড়ায় কি না!
পাপনের বোর্ড একাদশ সাজাতেও হস্তক্ষেপ করত, জানালেন তাসকিন
সালাহউদ্দিনের পুনঃনিয়োগ চূড়ান্ত 