দিনাজপুরের বীরগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে মা ও মেয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে দিকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিবারিক আর্থিক অনটন নিয়ে এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন বীরগঞ্জ উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নের দুর্লভপুর গ্রামের রতন চন্দ্রের স্ত্রী ববিতা (২৪) ও তার ৬ বছরের মেয়ে ত্বনি রানী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্যাস ট্যাবলেট খেয়ে মা ও মেয়ে আত্মহত্যা করে। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
