রাজশাহীতে রাজনীতিমুক্ত ঈদগাহ এবং ওলামা লীগ নেতা বারকুল্লাহ বিন দুরুল হুদাকে ঈদগাহের ইমাম থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন মুসল্লিরা।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর নগর ভবনের সামনে এ মানববন্ধন হয়। এ সময় বক্তারা বারকুল্লাহ বিন দুরুল হুদাকে আওয়ামী লীগের দোসর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় সহায়তাকারী হিসেবে অভিযুক্ত করা হয়।
জুমার নামাজের পর কয়েকশ মুসল্লি হাতেম খাঁ আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন।
পরে তারা নগর ভবনের সামনে মানববন্ধন করেন। এ সময় বক্তারা বলেন, গত ১৫ বছরে নগরীর অন্যতম বৃহৎ হাজী লাল মোহাম্মদ ঈদগাহের ইমাম মাওলানা বারকুল্লাহ বিন দুরুল হোদা ঈদগাহকে রাজনৈতিক ঈদগাহে পরিণত করেছিলেন। সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের আশীর্বাদে তিনি বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছেন এবং তার দাপটে আলেম-ওলামারা ভয়ে ও আতঙ্কে থাকতেন। ওলামা লীগের নেতা বারকুল্লাহ ঈদের নামাজের পর মোনাজাতে কেবল আওয়ামী লীগ নেতা লিটন ও তার পরিবারের গুণকীর্তন করে দোয়া করতেন।
মানববন্ধনে বক্তব্য দেন, হাতেম খাঁ আহলে হাদিস জামে মসজিদের ইমাম মাওলানা শায়খ আমিনুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল মতিন, আব্দুর রাকিব ও রাজনীতিক গোলাম রাব্বানী।
তবে ওলামা লীগ নেতা বারকুল্লাহ বিন দুরুল হুদা তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তাকে বাদ দিয়ে যিনি এই ঈদগাহে ইমামতি করতে চান তিনি এসব মিথ্যা অভিযোগ করাচ্ছেন এবং তার বিরুদ্ধে কর্মসূচি পালন করাচ্ছেন।
