পরাজয় দিয়েই ওয়ানডে সিরিজ শুরু করল পাকিস্তান। নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড জিতেছে ৭৩ রানের বড় ব্যবধানে। স্বাগতিকদের ৩৪৪ রান তাড়া করতে নেমে ২৭১ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। বাবর আজম এদিন রানে ফিরলেও সেটা দলের কোনো কাজে লাগেনি।
শনিবার টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ রানেই প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় ৫০ রানে তৃতীয় উইকেটের পতন ঘটলে ভিন্ন কিছুর ইঙ্গিত মিলছিল। কিন্তু চতুর্থ উইকেটে ১৯৯ রানের জুটিতে খেলার মোড় ঘুরিয়ে দেন মার্ক চাপম্যান আর ড্যারি মিচেল। দুজনের মধ্যে চাপম্যান ১১১ বলে ১৩ চার ৬ ছক্কায় ১৩২ রান করেন। ৩০ ম্যাচের ক্যারিয়ারে এটা তার তৃতীয় সেঞ্চুরি। আর মিচেল খেলেন ৮৪ বলে ৭৬ রানের ঝলমলে ইনিংস।
মিডল অর্ডারে অভিষিক্ত পাকিস্তানি বংশোদ্ভুত মুহাম্মদ আব্বাসও করেন ২৬ বলে ৫২ রান, যা অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ড। আব্বাস এই রেকর্ড গড়লেন জন্মভূমি পাকিস্তানের বিপক্ষেই। ৫০ ওভারে ৯ উইকেটে ৩৪৪ রান তোলে নিউজিল্যান্ড। ৫১ রানে ৩ উইকেট নেন ইরফান খান, দুটি করে নিয়েছেন আকিব জাভেদ আর হারিস রউফ। এছাড়া নাসিম শাহ আর মোহাম্মদ আলী ১টি করে শিকার ধরেন।
রান তাড়ায় পাকিস্তানের শুরুটা কিন্তু ভালো হয়েছিল। আব্দুল্লাহ শফিকী (৩৬) আর উসমান খান (৩৯) গড়েন ৮৩ রানের ওপেনিং জুটি। তিনে নেমে বাবর আজম খেলেন ৮৩ বলে ৫ চার ৩ ছক্কায় ৭৮ রানের ইনিংস। মাঝে মোহাম্মদ রিজওয়ানের (৩০) সঙ্গে তৃতীয় উইকেটে ৭৯ বলে ৭৬ আর চতুর্থ উইকেটে আগা সালমানের (৪৮ বলে ৫৮) সঙ্গে ৫৯ বলে ৮৫ রানের জুটিও গড়েন বাবর। কিন্তু কোনোটাই কাজে আসেনি। ৪৪.১ ওভারে ২৭১ রানে অল-আউট হয় পাকিস্তান। নাথান স্মিথ শিকার করেন ৬০ রানে ৪ উইকেট।
৪৩ বছর বয়সে ১৬ বলে ৩০; নতুন রেকর্ডে ধোনি
ফাইনালে উঠে জকোভিচ দেখলেন গ্যালারিতে বসে মেসি!
অভিষেকেই জন্মভূমির বিপক্ষে রেকর্ড গড়লেন ‘পাকিস্তানি’ আব্বাস