ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে ছিটকে পড়ে নিহত ২

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৭:০৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক করার সময় ছিটকে পড়ে আব্দুল কাইয়ুম ও তারেক নামের দুই যুবক নিহত হয়েছেন। গতকাল বেলা ১২টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর ব্রিজ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে এ ঘটনা ঘটে।

নিহত কাইয়ুম কুমিল্লার দেবিদ্বার এলাকার করিম মিয়ার ছেলে। তারেক কসবার বাসিন্দা। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন জানান, ট্রেনটি গঙ্গাসাগর ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে ওই চার যুবক টিকটক করছিলেন। ব্রিজের ওপরে থাকা তারের সঙ্গে জড়িয়ে ছিটকে ব্রিজের নিচে পড়ে যান তারা। এতে ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারেকও মারা যান।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে চার বন্ধু সিলেট যাচ্ছিলেন। টিকটক করতে গিয়ে ওই চার যুবক ছিটকে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত