সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তেলবাহী ট্যাংকলরি সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হন আরও ৪ জন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বড়হর ইউনিয়নের পূর্ব দেলুয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ও অটোরিকশাচালক শরিফুল ইসলাম (৩৫), উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে ও টেম্পুযাত্রী আব্দুল মমিন (৩৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে পূর্ব দেলুয়া ব্রিজ এলাকায় বাঘাবাড়ি থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্যাংকলরির সঙ্গে হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে ছেড়ে আসা উল্লাপাড়াগামী যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক শরিফুল ইসলাম ও যাত্রী আব্দুল মমিন নিহত হন। গুরুতর আহত হয় ৪ অটোরিকশার যাত্রী।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আর ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ ঘটনায় ঘাতক ট্যাংকলরিটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
