নোয়াখালীর সদর উপজেলায় তুচ্ছ ঘটনায় মো. সুজন মাহমুদ (২৭) নামের এক যুবককে ছুরিকাঘাতের গুরুতর আহত করা হয়েছে। ছুরিকাহত যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম। এর আগে গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুরহাট বাজারের একটি ভবনের ছাদে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই অভিযুক্ত রিমনকে (২৬) স্থানীয় লোকজন মারধর করে পুলিশে হস্তান্তর করে। রিমন জেলার সুবর্ণচর উপজেলার বাসিন্দা এবং পেশায় ওয়ার্কশপ শ্রমিক। আহত সুজন উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রামানন্দি গ্রামের বড় বাড়ির মো. খান সাহেবের ছেলে এবং পেশায় একজন দিনমজুর।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার উদয় সাধুরহাট বাজারের একটি ভবনের ছাদে সুজনকে ডেকে নেন রিমনসহ তিন যুবক। সেখানে পূর্বশক্রতার জের ধরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রিমনের সঙ্গে থাকা আরো ৩ যুবকসহ সুজনকে গলায়, বুকে ও হাতের বাহুতে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে তারা পালিয়ে যান। সুজনের চিৎকার শুনে তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার্ড করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা। তবে এখনও ছুরিকাঘাতের কোনও কারণ জানা যায়নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে ফরাসি শিল্পপতিদের পাশে ম্যাখোঁ
জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের শাবলের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের