রদবদলের হিড়িক গোয়েন্দা বিভাগে

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৬:২৯ এএম

দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের শীর্ষ পদগুলোতে বড় আকারে রদবদল অব্যাহত রয়েছে। এ ধারায় শুক্রবার বরখাস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) পরিচালক টিমোথি হফ ও তার সহকারী ওয়েন্ডি নোবেলসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। এ দুই গোয়েন্দা প্রধানের বরখাস্তের বিষয়টি সিএনএনকে একাধিক সিনেটর, হাউজ ইন্টেলিজেন্স কমিটির সদস্য ও সাবেক কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

এনএসএ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা একটি সংস্থা। এ সংস্থার প্রধানের পাশাপাশি সামরিক বাহিনীর সাইবার হামলা ও সুরক্ষা ইউনিটের নেতৃত্বেও ছিলেন টিমোথি, যা ইউএস সাইবার কমান্ড নামে পরিচিত। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে এ পদে ছিলেন টিমোথি। সাইবার কমান্ডের ডেপুটি ও অভিজ্ঞ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম হার্টম্যান ভারপ্রাপ্ত প্রধান হিসেবে কাজ চালাবেন। আর এনএসএ’র নির্বাহী পরিচালক শিলা থমাসকে করা হয়েছে ভারপ্রাপ্ত উপপ্রধান। নোবেলকে গোয়েন্দাবিষয়ক আন্ডার সেক্রেটারির পেন্টাগন কার্যালয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের সবচেয়ে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ গোয়েন্দা-গুপ্তচর নেটওয়ার্কের অন্যতম এনএসএ। এ সংস্থার কোডব্রেকার ও কম্পিউটার বিশেষজ্ঞরা সারা বিশ্বে গোয়েন্দা অভিযান পরিচালনা করে প্রেসিডেন্ট ও তার শীর্ষ উপদেষ্টাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করেন। এক দশকেরও বেশি সময় আগে সাইবারস্পেসে বিদেশি শক্তির ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় সাইবার কমান্ড প্রতিষ্ঠা করা হয়। বিশ্লেষকদের মতে, এ সংস্থাটি গত কয়েক বছরে অনেকটাই পরিপক্বতা অর্জন করেছে।

তবে টিমোথি ও ওয়েন্ডিকে বরখাস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সাইবার কমান্ড ও এনএসএ’র সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে তারা প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়। তবে প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয়ের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে সক্ষম হয়নি সিএনএন। পরে হোয়াইট হাউজ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কাছে সিএনএন মন্তব্যের অনুরোধ জানালেও সাড়া পাওয়া যায়নি। সিনেট ও হাউজ ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য সিনেটর মার্ক ওয়ার্নার ও প্রতিনিধি পরিষদের সদস্য জিম হাইমস টিমোথিকে বরখাস্তের নিন্দা জানিয়েছেন। বিষয়টিকে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ রেনে বার্টন। তিনি দুই দশকেরও বেশি সময় এনএসএ’র কর্মী ছিলেন।

একই দিন ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা পরিষদের তিন কর্মকর্তাকেও বরখাস্ত করেছেন বলে জানিয়েছে বিবিসি। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন গোয়েন্দা তথ্যসংক্রান্ত পরিচালক ব্রায়ান ওয়ালশ, আইনবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক থমাস বুডরি এবং প্রযুক্তি ও জাতীয় নিরাপত্তা দেখভালের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ পরিচালক ডেভিড ফেইথ। বুধবার কট্টর ডানপন্থি অ্যাকটিভিস্ট লরা লুমারের সঙ্গে বৈঠক করার পর ট্রাম্প এ তিনজনকে বরখাস্ত করেছেন বলে খবর বেরিয়েছে। লরা ওই বৈঠকে তার দৃষ্টিতে ট্রাম্পের এজেন্ডার সমর্থক নয় এমন কিছু কর্মকর্তাকে বরখাস্তের দাবি তুলেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত