ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

জেলেনস্কির শহরে রুশ হামলায় শিশুসহ নিহত ১৮

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৬:৫১ এএম

ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভি রিহ-তে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। হামলায় আহতের সংখ্যাও কয়েক ডজন। এই শহরটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান। তিনি জানিয়েছেন, এই হামলায় নিহতদের ৯ জনই শিশু। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, উচ্চক্ষমতাসম্পন্ন ও নির্ভুলভাবে লক্ষ্য ভেদ করতে সক্ষম, এমন একটি মিসাইল দিয়ে তারা ইউক্রেনের একটি রেস্তোরাঁয় হামলা চালিয়েছে যেখানে ৮৫ জন নিহত হয়েছেন। ওই স্থানে ইউক্রেনে ইউনিট কমান্ডার ও পশ্চিমা প্রশিক্ষকদের একটি বৈঠক চলছিল বলে দাবি তাদের। যদিও এই দাবির পক্ষে কোনো প্রমাণ তারা দেননি। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর ক্রিভি রিহতে যেসব ভয়াবহ হামলা হয়েছে, এটি তার মধ্যে অন্যতম।

ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার দাবিকে নিষ্ঠুর অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা বলে উল্লেখ করেছে। তারা বলছে, রাশিয়া একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রটি বিস্তৃত এলাকা জুড়ে আঘাত হানতে পারে। এই হামলায় ঘটনার যেসব ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে একটি শিশু নিহত হয়ে খেলার মাঠেই পড়ে আছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে, আবাসিক এলাকায় ব্যালিস্টিক মিসাইল আঘাত হানার ফলে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, এই যুদ্ধ এখনো চলছে, কারণ রাশিয়া যুদ্ধবিরতি চায় না। আমরা তা দেখতে পাচ্ছি। ওই হামলার পরও ক্রিভি রিহতে আরও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। অঞ্চলটির প্রতিরক্ষা প্রধান ওলেক্সান্দার ভিলকুল জানান, শহরে ব্যাপক ড্রোন হামলা হয়েছে। এর ফলে অন্তত চারটি স্থানে আগুন ধরে যায়। ড্রোন হামলায় একটি বাড়িতে আগুন ধরে যায় এবং সেখানে বসবাসরত এক বৃদ্ধা আগুনে পুড়ে মারা যান বলে জানিয়েছেন তিনি। এই হামলার ঠিক আগের দিন যুক্তরাজ্য ও ফ্রান্সের সামরিক প্রধানরা কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট মি. জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনে অন্য দেশের শান্তিরক্ষী মোতায়েন নিয়ে আলোচনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত