পাল্টা শুল্ক নিয়ে জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আজ

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৭:০৪ এএম

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ নিয়ে করণীয় ঠিক করতে আজ রবিবার জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বৈঠকের মূল উদ্দেশ্য হলো পাল্টা শুল্ক আরোপের বিষয়টি পর্যালোচনা করার পাশাপাশি পরবর্তী কৌশল ঠিক করা। এ বৈঠক সশরীর অনুষ্ঠিত হবে না। জুম লিংকের মাধ্যমে ভার্চুয়ালি এ বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা অংশ নেবেন। সকাল সাড়ে ১০টায় এ বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

ঈদের ছুটির মধ্যেও গত শুক্রবার বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাকে বৈঠকে অংশ নেওয়ার জন্য অনুরোধ করে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। যাদের বৈঠকে অংশ নিতে অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে, তাদের মধ্যে অন্যতম হলেন পররাষ্ট্র সচিব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি অনুবিভাগের অতিরিক্ত সচিব, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর, বেসরকারি প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ ও বেসরকারি প্রতিষ্ঠান র‌্যাপিডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক।

গত বৃহস্পতিবার বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ হারে পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বেশিরভাগ দেশের পণ্যে এমন শুল্ক আরোপ করেন তিনি। যে দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেশি, সেই দেশের ওপর বেশি হারে শুল্ক আরোপ হয়েছে। এ নিয়ে বিশ্ব জুড়ে তোলপাড় চলছে। বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হলো, যে দেশে যুক্তরাষ্ট্রের পণ্য যায়, সে দেশে উচ্চ শুল্ক হারসহ বিভিন্ন ধরনের বাণিজ্য বাধা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত