পাবনায় নদীতে নৌকাডুবি, স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৭:০৮ এএম

পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকা ডুবে এক দম্পতি মারা গেছেন। নৌকা ডুবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর গতকাল শনিবার সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ ও ডুবুরি দল। এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নৌকাটি ডুবে যায়।

নিহতরা হলেন পাবনা সদর উপজেলার কোলচরী গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় প্রামাণিক (২৩) ও তার স্ত্রী মৌ আক্তার (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে সুজানগর উপজেলার সাতবারিয়া এলাকায় পদ্মা নদীতে ২০ থেকে ২৫ জন নৌকায় করে বেড়াতে যান। তীব্র স্রোতে নৌকা ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় সবাই নদী পার হতে পারলেও হৃদয় ও তার স্ত্রী নিখোঁজ ছিলেন।

সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, খবর পেয়ে সুজানগর ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আসা ডুবুরি দল ও নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত