এক যুগ পর হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৭:৩১ এএম

চলতি এপ্রিল মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে। গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে সর্বশেষ দুই দেশের মধ্যে এমন সংলাপ হয়েছিল। এবারের সংলাপে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ঠিক করা হবে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই সম্পর্কোন্নয়নের চেষ্টা করছে। এই রাজনৈতিক সংলাপ সেটিরই একটি অংশ। যেটির লক্ষ্য হলো দ্বিপক্ষীয় সম্পর্ক প্রাতিষ্ঠানিকীকরণ করা।

এ সংলাপে পাকিস্তানি প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এতে দুই দেশের সম্পর্ক জোরদার, যৌথ মিনিস্ট্রিয়াল কমিশন পুনর্বহাল এবং রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধিতে একটি প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে জোর দেওয়া হবে। এর মাধ্যমে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে শক্তিশালী সম্পর্ক তৈরির পথ খুলবে। যা এই অঞ্চলের সহযোগিতা ও স্থিতিশীলতার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক বদলে যায়। অন্তর্বর্তী সরকার বৈদেশিক নীতি পরিবর্তন করে পাকিস্তানের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক ক্ষেত্রে শক্তিশালী সম্পর্ক গড়ার দিকে নজর দেয়। এ ছাড়া অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গেও গভীর সম্পর্ক তৈরির দিকে মনোযোগ দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত