চট্টগ্রামের চন্দনাইশে অপহরণ মামলা প্রত্যাহার করে নিতে বাদীকে হুমকির অভিযোগ উঠেছে। আজ রবিবার বিকেল ৫টায় উপজেলার দোহাজারী পৌরসদরে একটি রেস্টুরেন্টে অপহরণ মামলার বাদী ফজলুল ইসলাম সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেছেন।
জানা যায়, ১০ দিন আগে প্রবাসী ফজলুল ইসলাম বাজার করতে মোটরসাইকেলযোগে খানহাট থেকে রৌশনহাট গেলে পথে পেছন থেকে একটি সিএনজি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। এ সময় তিনি প্রতিবাদ করলে ৭/৮ জনের একদল অপহরণকারী তাকে সিএনজিতে তুলে পটিয়ার খরনা ইউনিয়নের মোজাফরাবাদ বন্ন্যার ভিটা বটতল নিয়ে যায়। সেখানে অপহরণকারীরা তাকে বেধড়ক মারধর করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তার সঙ্গে থাকা আইফোন ও নগদ ৪৯ হাজার ৭০০ টাকা নিয়ে যায় তারা। দাবিকৃত মুক্তিপণ না দিলে প্রাণনাশের হুমকিও দেয় অপহরণকারীরা। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে অপহরণকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা সিএনজি চালককে আটক করে থানায় সোপর্দ করে।
মামলার বাদী ফজলুল ইসলাম ঘটনার দিনই ৪ জনকে এজহারভুক্ত আসামি ও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে অপহরণ মামলা দায়ের করেন। এখন পর্যন্ত পুলিশ ২ জনকে আটক করেছে। মামলার অন্য আসামিরা বাদীকে মামলা প্রত্যাহার করে নিতে নানাভাবে চাপ প্রয়োগ করছে। অন্যথায় প্রাণনাশের সম্ভাবনা রয়েছে বলে সংবাদ সম্মেলনে ফজলুল ইসলাম অভিযোগ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওমর ফারুক মানিক, খোকন মাস্টার, মো. ফারুক, আব্দুল আল মানিক, রবিন, মো. বাবু প্রমুখ।
টেকনাফে ফের ২ জনকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি
মারিন লে পেনের দণ্ডের বিরুদ্ধে আরএন-এর বিক্ষোভ