যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৭:২৪ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। শনিবার দেশটির ৫০টি অঙ্গরাজ্যে প্রায় ১ হাজার ২০০ বিক্ষোভ সমাবেশ হয়। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এক দিনে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, এ বিক্ষোভের নাম দেওয়া হয়েছে হ্যান্ডস অফ। কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারসহ বিভিন্ন অভিযোগে এ বিক্ষোভ হয়েছে। রয়টার্স জানায়, রবিবার যুক্তরাষ্ট্র জুড়ে অন্তত ১ হাজার ২০০টি জায়গায় বিক্ষোভ হয়। ডোনাল্ড ট্রাম্প এবং তার ধনকুবের মিত্র ইলন মাস্কের বিরুদ্ধে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় বিক্ষোভ।

মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির মধ্যে ওয়াশিংটন মনুমেন্টের চারপাশের মাঠে জমায়েত হয়েছিলেন বিক্ষোভকারীরা। আয়োজকদের দাবি, ন্যাশনাল মলে প্রায় ২০ হাজার মানুষ সমাবেশে অংশ নিয়েছে। ১৫০টির বেশি সংগঠন এ প্রতিবাদে শামিল হয়েছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য ছাড়াও কানাডা ও মেক্সিকোয় বিক্ষোভ হয়েছে। বাল্টিমোরের নিকটবর্তী সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (এসএসএ) সদর দপ্তরের বাইরেও বিক্ষোভ হয়েছে। ওয়াশিংটন মনুমেন্টে আসা বিক্ষোভকারীদের অনেকের হাতেই ছিল ইউক্রেনের পতাকা। অনেকেই ফিলিস্তিনিদের প্রতীক কিফায়া পরে এখানে আসেন। তাদের হাতে ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা প্ল্যাকার্ড।

যুক্তরাষ্ট্র জুড়ে যখন এ বিক্ষোভ চলছে, ট্রাম্প তখন এই দিনটি কাটিয়েছেন ফ্লোরিডায়। সেখানে তিনি তার নিজস্ব গলফ ক্লাবে খেলার পর বিকেলে তিনি মার-এ-লাগো অবকাশযাপন কেন্দ্রে ফিরে যান। ট্রাম্পের ওই অবকাশযাপন কেন্দ্র থেকে ছয় কিলোমিটার দূরে ওয়েস্ট পাম বিচে ৪০০ জনেরও বেশি বিক্ষোভকারী সমবেত হয়। সেখান দিয়ে যাওয়া গাড়ির চালকরা হর্ন বাজিয়ে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানান। একজনের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল শেয়ারবাজারে পতন হয়, ট্রাম্প গলফ খেলেন। যুক্তরাষ্ট্রে বিক্ষোভ শুরু হওয়ার আগে, ইউরোপের বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস এবং লন্ডনে শত শত ট্রাম্পবিরোধী আমেরিকান নাগরিকও নিজ নিজ শহরে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত