বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও হেফাজতে ইসলাম নেতাদের বৈঠক নিয়ে গণমাধ্যমে বিএনপির একতরফা বক্তব্য তুলে ধরায় জনমনে হেফাজতে ইসলাম সম্পর্কে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। গতকাল রবিবার সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সঙ্গে বৈঠকে হেফাজতের বক্তব্য কী ছিল তা তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়, বিগত ২৭ রমজান খাস কমিটির এক বৈঠকে হেফাজত নেতারা সিদ্ধান্ত নেন দেশের বর্তমান পরিস্থিতি ও বেশকিছু জরুরি ইস্যুতে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে বিএনপির সঙ্গে গত শনিবার রাতে বৈঠকে বসেছেন হেফাজত নেতারা। বৈঠকে বিএনপিকে হেফাজত নেতাদের পক্ষ থেকে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ বহাল রাখা ও ‘বহুত্ববাদ’ শব্দ না ঢোকানোর ব্যাপারে বিএনপিকে সরব হওয়ার আহ্বান জানানো হয়। এ ছাড়া শাপলা চত্বর ও জুলাই-আগস্টের গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারকাজ দ্রুত শুরু করা, প্রয়োজনীয় সংস্কারসহ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যাপারে হেফাজতের কোনো আপত্তি নেই বলে জানানো হয়েছে। গণহত্যাকারী ফ্যাসিস্টদের বিচার দ্রুত এগোতে ট্রাইবুনালের সক্ষমতা বাড়ানোর ব্যাপারেও আলোচনা হয়েছে।
