বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে চোখ হারানো মো. ফরিদ শেখ (১৭) নামের এক তরুণকে পিরোজপুরে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করেছে।
গত রবিবার রাতে পিরোজপুর সদরের টোনা গ্রামের গোপেরহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ফরিদ শেখ টোনা গ্রামের ইলিয়াছ শেখ ও সালমা বেগমের পালিত ছেলে। এ ঘটনায় ফরিদের মা সালমা বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিন-চারজনকে আসামি করে পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন পিরোজপুর সদরের রাজারকাঠী গ্রামের রাকিব কাজী, রুপম হাওলাদার, নাজির কাজী, শাকিল সিকদার ও সিয়াম সিকদার। লিখিত অভিযোগে বলা হয়, রমজান মাসে টোনা গ্রামের মসজিদে ফরিদ শেখের সঙ্গে আসামি রাকিব কাজীর কথা-কাটাকাটি হলে উপস্থিত মুসল্লিরা বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু রাকিব ফরিদের ওপর ক্ষিপ্ত ছিল। রবিবার রাতে টোনা ইউনিয়নের গোপেরহাট এলাকায় ফরিদকে একা পেয়ে রাকিব অন্য আসামিদের নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করান।
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
