দুজনেই এখন বার্সেলোনার ‘সাবেক’ হয়ে গেছেন। লিওনেল মেসি ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে খেলছেন ইন্টার মায়ামিতে। অন্যদিকে পিএসজির কোচ হয়েছেন লুইস এনরিকে। আজ থেকে এক দশক আগে বার্সেলোনায় মেসি আর এনরিকের মাঝে বেশ ভালো রকমের মনোমালিন্য হয়েছিল। এতদিন পর সেই ঘটনা সামনে আনলেন সাবেক বার্সা তারকা জর্দি মাসিপ লোপেজ।
বার্সেলোনায় এনরিকে-মেসির জুটি বেশ জমেছিল। ধরা দিচ্ছিল একের পর এক সাফল্য। কিন্তু ২০১৪-১৫ মৌসুমে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে একটি ম্যাচের একাদশ সাজনো নিয়ে মেসির সঙ্গে তুলকালাম হয়েছিল এনরিকের। আর্জেন্টিনার সুপারস্টারের সঙ্গে আলোচনা না করেই নাকি ওই ম্যাচে তাকে বিশ্রাম দিয়েছিলেন এনরিকে। এতে ক্ষুব্ধ হয়ে মেসি বার্সার অনুশীলনে যোগ দেননি, যা এনরিকেকে আরও ক্ষেপিয়ে তোলে।
পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে বার্সার সাবেক গোলকিপার মাসিপ বলেন, ‘লুইস এনরিকে এবং মেসির মাঝে হাতাহাতি হওয়াটাই বাকি ছিল। তবে দুজনের মাঝে বেশ উত্তেজনার সৃষ্টি হয়। সেই সময়কার পরিস্থিতি বিবেচনায় এটা মোটেও অস্বাভাবিক ছিল না।’
কোচ এবং দলের সেরা ফুটবলারের মধ্যকার ঝামেলা মেটাতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তখনকার বার্সা অধিনায়ক জাভি হার্নান্দেজ। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই তিনি হস্তক্ষেপ করেন। দুজনের ঝামেলা মেটার পর সেই মৌসুমে ‘ট্রেবল’ জিতেছিল বার্সেলোনা। এর বছর দুয়েক পরই বার্সেলোনার পাট চুকিয়ে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন মাসিপ। ৩৬ বছর বয়সী মাসিপ এখন রিয়াল ভায়াদোলিদের হয়ে খেলেন।
রান উৎসবের ম্যাচে কলকাতার রুদ্ধশ্বাস পরাজয়
জিম্বাবুয়ের বিপক্ষেও কেনো সেরা দল নামাতে হচ্ছে!