ঈদে মুক্তি পেয়েছে আলোচিত জুটি আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমা ‘দাগি’। সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। এটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি। ঈদে মুক্তির পর থেকেই সিনেপ্লেক্সগুলোয় হাউজফুল যাচ্ছে সিনেমাটি। দর্শকের প্রশংসা পাচ্ছেন সিনেমার অভিনেতা-অভিনেত্রীরা। দর্শকের চাহিদায় ‘দাগি’র শো বাড়ছে স্টার সিনেপ্লেক্সে। ‘দাগি’কে প্রতিযোগিতা করতে হচ্ছে বেশ কয়েকটি সিনেমার সঙ্গে। বিশেষ করে ‘বরবাদ’ এবং ‘জংলি’র সঙ্গে। এই দুটি সিনেমা নিয়ে সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে নিজের ভাবনা জানিয়েছেন তমা মির্জা। তিনি এই দুটি সিনেমা দেখার আগ্রহ প্রকাশ করেছেন। তমা মির্জা বলেন, ‘আমার প্ল্যান ছিল ঈদের দিন আমার সিনেমাটা দেখব। তারপর অন্য সিনেমাগুলো দেখব। বিশেষ করে ‘বরবাদ’ এবং ‘জংলি’ দেখার খুব ইচ্ছে ছিল। কারণ প্রোমোশনালি বলো, লুক বলো, ট্রেইলার, টিজার যেটাই বলো আমার কাছে এই দুটি সিনেমা খুব প্রমিজিং লেগেছে। আমার মনে হয়েছে একজন আর্টিস্ট হিসেবে এই দুটো সিনেমা আমার দেখা উচিত। কিন্তু এই সাতদিনে আমি একটুও সময় পাইনি। কারণ ‘দাগি’ সিনেমাটা যে হলে চলছে এই কথাটা ১৬ কোটি মানুষের মধ্যে এক কোটি মানুষও ঠিকঠাক মতো জানে না। এই খবরটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নানা প্রচারণায় অংশ নিতে হয়েছে।’
এই চিত্রনায়িকা আরও বলেন, ‘‘এবার আমাদের লক্ষ্য ছিল, দর্শক যেন জানে যে সিনেমা হলে ‘দাগি’ চলছে।’’ এই লক্ষ্যে পৌঁছাতে প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন তমা মির্জা। সফলতার মুখ দেখেছে ‘দাগি’। এবার অন্য সিনেমাগুলোও দেখতে চান তিনি।
তমা জানিয়েছেন, আজ শুক্রবারে সিনেমা হলে গিয়ে ‘বরবাদ’ এবং ‘জংলি’ সিনেমা দেখবেন তিনি।
