স্লো ওভাররেটে দলসুদ্ধ জরিমানা রাজস্থানের

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ পিএম

আইপিএলে বুধবার রাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৫৮ রানে হেরেছে রাজস্থান রয়্যালস। একেতো ম্যাচে হার। তার ওপর স্লো ওভাররেটের কারণে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনকে মোটা অঙ্কের জরিমানা করলো বিসিসিআই।

স্লো ওভাররেটের জন্য রাজস্থান অধিনায়ক স্যামসনকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

এর আগে রিয়ান পরাগ অধিনায়ক থাকাকালীন মন্থর বোলিং করে শাস্তি পেয়েছিল রাজস্থান। সেবার শুধু অধিনায়ককে করা হয়েছিল জরিমানা। পাঁচ ম্যাচে এটা দ্বিতীয় অপরাধ হওয়ায় অধিনায়ক স্যামসনের পাশাপাশি দলের সব সদস্যকেও শাস্তি পেতে হয়েছে। প্রত্যেক সদস্যকে হয় ৬ লাখ রুপি নাহলে ম্যাচ ফির ২৫ শতাংশ (যেটা কম) জরিমানা হিসেবে দিতে হবে।

চলমান আইপিএলে স্যামসন পঞ্চম অধিনায়ক, যে দলের স্লো ওভাররেটের জন্য শাস্তি পেলেন। বাকি চারজনের একজন রাজস্থানের রিয়ান পরাগ, মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া, লখনৌ এর পান্ত এবং বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার।

এবার আইপিএলে ৫ ম্যাচ শেষে মাত্র দুই জয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে আছে রাজস্থান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত