ডিপিএল সুপার সিক্স

পাঁচ দল চূড়ান্ত, লড়াই কেবল ব্যাংকারদের

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৮:২৪ পিএম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দশম রাউন্ডের খেলা শেষ হলো। বাকি রয়েছে আর মাত্র একটি রাউন্ড। এ সময় এসে জমে ওঠার কথা ছিল সুপার লিগে ওঠার লড়াই। কিন্তু সেই আশায় গুড়ে বালি। দশম রাউন্ড শেষেই নিশ্চিত হয়ে গেছে সেরা ছয়ের প্রথম পাঁচটি দল। আবাহনী, মোহামেডান, গাজী গ্রুপ, লিজেন্ডস অব রূপগঞ্জ এবং গুলশান- এ পাঁচটি ক্লাব শেষ রাউন্ডের ম্যাচে হারুক বা জিতুক, নিশ্চিতভাবেই খেলবে সুপার সিক্স পর্বে। বাকি থাকা একটি জায়গার জন্য লড়াইটি শুধু দুই ব্যাংকার- অগ্রণী ও প্রাইমের মধ্যে।

দশম রাউন্ড শেষে অগ্রণীর পয়েন্ট ১২, আর প্রাইমের ১০। নেট রান রেট অগ্রণীর ০.০৯৭, প্রাইমের ০.০৫৬। অগ্রণীর ম্যাচ লিজেন্ডস আর প্রাইমের ম্যাচ গুলশানের বিপক্ষে। লিজেন্ডস ও গুলশান দুই ক্লাবেরই পয়েন্ট ১৩। গত ২২ মার্চ বৈরি আবহাওয়ায় এ দুই দলের ম্যাচ পণ্ড হওয়ার যোগ হওয়া মূল্যবান এক পয়েন্টের সুবাদেই সুপার সিক্সে থাকা নিশ্চিত হয়েছে দুই ক্লাবের।

টেবিলের সাতে থাকা প্রাইমকে শেষ ম্যাচে জিততেই হবে। সঙ্গে প্রার্থনা করতে হবে লিজেন্ডসের বিপক্ষে কিছুটা বড় ব্যবধানে অগ্রণীর হারের। দুই দলই যদি নিজেদের ম্যাচ জেতে তবে কপাল পুড়বে প্রাইমের। শেষ রাউন্ডে আরেকটি বড় ম্যাচ অপেক্ষা করছে। মিরপুরে দ্বৈরথে দেখা যাবে আবাহনী বনাম মোহামেডানের।

অবশ্য সুপার সিক্স পর্বে প্রথম পর্বের পয়েন্ট বজায় থাকায়, শেষ রাউন্ডেও প্রতিটি দলের চোখ থাকবে জয়ের দিকেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত