২০২৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ (স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার ২০২৪) হয়েছেন মেহেদী হাসান মিরাজ। আজ শুক্রবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪ তুলে দেওয়া হয় বিভিন্ন ডিসিপ্লিনের সেরাদের হাতে। পুরস্কার জয়ের পথে মিরাজ পেছনে ফেলেছেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও আরচার সাগর ইসলামকে।
মিরাজ বলেন, 'বিএসপিএকে ধন্যবাদ প্রতি বছর এই আয়োজনের জন্য। এই অনুষ্ঠান প্রতিটি অ্যাথলেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে এসে হকি, ফুটবলসহ প্রতিটি ক্ষেত্রের খেলোয়াড়দের সাথে দেখা হয়, কথা হয়। এটা খুবই ভালো লাগে।'
জাতীয় নারী ফুটবল দলের মিডফিল্ডার, নারী সাফ জয়ে অসমান্য অবদান রাখা ঋতুপর্ণা চাকমা দর্শকের ভোটে জিতেছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। ঋতুপর্ণা পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জিতেছেন মিরাজ ও জাতীয় দলের পেসার নাহিদ রানাকে পেছনে ফেলে। নাহিদ রানা জিতেছেন সেরা উদীয়মান ক্রীড়াবিদের পুরষ্কার।
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জয়ী ঋতু পর্ণা চাকমা ভুটান লিগে খেলতে যাওয়ার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে ভিডিও বার্তায় বলেন, ‘আমাকে সম্মনিত করায় বিএসপিএকে আন্তরিক ধন্যবাদ। ভুটানের খেলার কারণে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি। মিস করছি। এই পুরস্কার আমাকে আগামীতে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করবে।'
দেশের ক্রীড়াসাংবাদিক ও ক্রীড়ালেখকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবার দুই বছর পর অর্থাৎ ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের স্বীকৃতি জানিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুক্রবার বিকেলে বসেছিল তারার হাট। ১৫টি ক্যাটিগরিতে ১৩ ব্যক্তি, দল ও সংস্থাকে দেওয়া হয় এই স্বীকৃতি।
বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিবের সভাপতিত্বে জমকালো অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূ্ইঁয়া এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
২০২৪ সালের সেরা যারা:
স্পোর্টস পারসন অব দ্য ইয়ার: চ্যাম্পিয়ন - মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), রানার-আপ - ঋতুপর্ণা চাকমা (ফুটবল) ও সাগর ইসলাম (আরচারি)। পপুলার চয়েজ অ্যাওয়ার্ড- ঋতুপর্ণা চাকমা (ফুটবল)। বর্ষসেরা ক্রিকেটার - মেহেদী হাসান মিরাজ, বর্ষসেরা ফুটবলার - ঋতুপর্ণা চাকমা, বর্ষসেরা আরচার - সাগর ইসলাম, বর্ষসেরা অ্যাথলেট (ট্র্যাক অ্যান্ড ফিল্ড) - জহির রায়হান, উদীয়মান ক্রীড়াবিদ- নাহিদ রানা (ক্রিকেট), বর্ষসেরা দাবাড়ু - মনন রেজা নীড়, বর্ষসেরা দলগত সাফল্য - জুনিয়র বিশ্বকাপে সুযোগ পাওয়া অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল, সক্রিয় সংস্থা- যশোর শামস-উল-হুদা অ্যাকাডেমি, বর্ষসেরা কোচ - মওদুদুর রহমান শুভ (হকি), তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব - বীরসেন চাকমা (ফুটবল সংগঠক, রাঙামাটি), বর্ষসেরা সংগঠক- মো. ইমরুল হাসান (সভাপতি বসুন্ধরা কিংস), বর্ষসেরা আম্পায়ার - শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও বিশেষ সম্মাননা - হামিদুল ইসলাম (২০১০ এসএ গেমস সোনাজয়ী ভারোত্তোলক)।
৬৪ জেলা নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
সবুজ সংকেত সামিত সোমের
চট্টগ্রাম আবাহনীকে হারালো রহমতগঞ্জ