মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব মাকহাটি গ্রামে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. মঈনউদ্দিন মোহন (৩৯)। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদরের পূর্ব মাকহাটি গ্রামের মাকহাটি জিসি উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মঈনউদ্দিন মোহন একই উপজেলার মহাকালী ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ক্রীড়াবিষয়ক সহকারী শিক্ষক ও মাকহাটি গ্রামের মো. মোবারক আলীর ছেলে।
এদিকে কয়েকজন বন্ধু নিজেদের পিস্তল ও ম্যাগাজিন দিয়ে স্কুলশিক্ষককে র্যাবের হাতে ফাঁসিয়ে দিয়েছে বলে দাবি করেছে পরিবার। স্কুলশিক্ষকের স্ত্রী নাজমা আক্তার দাবি করেন, পলাশ ও রাহাত নামে দুই বন্ধু ডেকে নিয়ে পিস্তল ও ম্যাগাজিনভর্তি একটি ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে তার শিক্ষক স্বামীকে র্যাবের কাছে ধরিয়ে দিয়েছেন। ওই পিস্তল-ম্যাগাজিন তার স্বামীর নয়।
নাজমা জানান, জেলার লৌহজং উপজেলার একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে পলাশ ও রাহাতের সঙ্গে তার স্বামীর পরিচয় হয়। সেই থেকে বন্ধুত্ব গড়ে ওঠে। তিনি অভিযোগ করেন, র্যাবের হাতে ধরা পড়ার পর মোবাইল ফোনে কল করে মিথুন নামে আরেক বন্ধু ছাড়িয়ে নিতে ২ লাখ টাকা দাবি করেছিলেন। টাকা না দেওয়ার কারণেই তারা তার স্বামীকে র্যাবের কাছে ধরিয়ে দেন। র্যাব-১০-এর মিডিয়া সেলের সহকারী পরিচালক শামীম হাসান সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের ঢাকার লালবাগ র্যাব ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিনসহ মঈনউদ্দিনকে গ্রেপ্তার করে। পরে তাকে র্যাব-১০-এর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ক্যাম্পে হস্তান্তর করে। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে র্যাব-১০-এর অধিনায়ক মো. কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, নির্ভুল নিখুঁতভাবে একজন দায়িত্বশীল অফিসারের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। তারপরও এ ঘটনায় কোনো অনিয়ম থাকলে থানার তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে ব্যবস্থা নেবেন।
