চট্টগ্রামের ডিসি হিলে পয়লা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। দুর্বত্তরা অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করার পাশাপাশি ব্যানারও ছিঁড়ে ফেলেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিসি হিলের নজরুল স্কয়ারে হামলার এ ঘটনা ঘটে।
হামলার অভিযোগে ছয়জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, নববর্ষের অনুষ্ঠানের প্রস্তুতিকালে মঞ্চে হামলার ঘটনায় ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তাদের দাবি, নববর্ষের অনুষ্ঠানটি ফ্যাসিস্টের দোসররা আয়োজন করছে।
ঘটনার বিষয়ে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটু বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৩০/ ৪০ জনের মতো ছেলে-মেয়ে এসে ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিয়ে মঞ্চের কাপড় ছিঁড়ে ফেলে।
এক প্রশ্নের উত্তরে মোহাম্মদ আলী টিটু বলেন, শুনেছি, আমরা যখন ডিসি অফিসে মিটিং করেছিলাম ওইদিন ওখানে যারা উপস্থিত ছিল তাদের কয়েকজন হামলার সময়ও ছিলেন। স্টেজের ডিজাইন তারা ছিঁড়ে ফেলে দিয়েছে। আগামীকালের অনুষ্ঠান আমরা বাতিল করছি।
