সৌদি সরকার আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে পবিত্র নগরী মক্কায় প্রবেশ সংক্রান্ত কড়াকড়ি আরোপ করেছে। চলতি বছরের ২৯ এপ্রিল থেকে হজ পারমিট ছাড়া কোনো ব্যক্তি মক্কায় প্রবেশ বা অবস্থান করতে পারবে না বলে ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ২৫ শাওয়াল ১৪৪৬ হিজরি, অর্থাৎ ২৩ এপ্রিল ২০২৫ তারিখ থেকে প্রবাসীদের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। যারা বৈধ হজ পারমিট বা সংশ্লিষ্ট অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করবে, তাদের ফিরিয়ে দেওয়া হবে এবং আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে। নতুন বিধান অনুযায়ী কেবল তিন শ্রেণির মানুষ মক্কায় প্রবেশ করতে পারবে। এক. যাদের জাতীয় পরিচয়পত্রে মক্কা স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ আছে। দুই. বৈধ হজ পারমিটধারী ব্যক্তি। তিন. মক্কায় কর্মরত অনুমতিপ্রাপ্ত কর্মীরা। এই অনুমতিপত্র ‘আবশার ইন্ডিভিজুয়ালস’ এবং ‘মুকিম’ প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন থেকে সংগ্রহ করা যাবে। এ ছাড়াও ২৯ এপ্রিল থেকে ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহর অনুমতি দেওয়া সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এই নিষেধাজ্ঞা চলবে ১৪ জিলহজ ১৪৪৬ হিজরি, অর্থাৎ ১০ জুন ২০২৫ পর্যন্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘হজের নিরাপত্তা ও পবিত্রতা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। নিয়ন্ত্রণ বজায় রাখতে সব পক্ষের পূর্ণ সহযোগিতা প্রয়োজন।’ চলতি বছর হজে অংশ নিতে বিশ লাখের বেশি মুসল্লি সৌদি আরব সফর করবেন বলে আশা করা হচ্ছে। এ বিশাল কর্মযজ্ঞ নির্বিঘœ করতে সৌদি সরকার একাধিক ডিজিটাল ব্যবস্থা ও নিয়ন্ত্রিত কাঠামো চালু করেছে। গালফ নিউজ
×
