গ্যাসের বৈষম্যমূলক মূল্যবৃদ্ধি প্রত্যাহার চায় বিডা

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৭:২১ এএম

বৈশি^ক বিনিয়োগকারীদের বাংলাদেশ যখন ‘বিনিয়োগের’ জন্য জোরেশোরে আহ্বান জানাচ্ছে, ঠিক তখনই ‘নতুন’ বিনিয়োগকারীদের গ্যাসের দামে বৈষম্য তৈরি করল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিএআরসি নতুন বিনিয়োগকারীদের জন্য গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এই দাম বাড়ানোকে বৈষম্যমূলক উল্লেখ করে এ নীতির পরিবর্তন চায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বিডা বলছে, ‘এটা বৈষম্যমূলক। বৈষম্যমূলক নীতি, দেশে নতুন বিনিয়োগ এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থাকে নিরুৎসাহিত করবে।’

গত মঙ্গলবার বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন মাহমুদ হারুন বিইআরসির চেয়ারম্যানকে একটি চিঠি দেন। এই চিঠিতে নতুন বিনিয়োগকারীর জন্য গ্যাসের মূল্যবৃদ্ধিকে বৈষম্যমূলক বলে তুলে ধরেন।

বিডার চেয়ারম্যান বিইআরসিতে পাঠানো চিঠিতে বলেন, গত ১৩ এপ্রিল বিইআরসি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করে। এতে নতুন বিনিয়োগকারীদের গ্যাসের জন্য বিদ্যমানদের চেয়ে ৩৩ শতাংশ বেশি মূল্য পরিশোধ করতে হবে। এই বৈষম্য বিনিয়োগ নিরুৎসাহিত করবে এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে।

দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত এবং অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে গ্যাসের বৈষম্যমূলক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিডা।

চিঠিতে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, ‘বিনিয়োগকারীরা ইতিমধ্যেই এই সিদ্ধান্তকে অন্যায্য প্রতিযোগিতামূলক বলে মনে করছেন এবং এ সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা মনে করছি, এই সিদ্ধান্তে দেশে বৈদেশিক বিনিয়োগের প্রবাহ বাধাগ্রস্ত হবে।’

তিনি আরও বলেন, বিডা সরকারের ভর্তুকি হ্রাসের বিষয়ে দ্বিমত পোষণ করছে না। তবে ভর্তুকি হ্রাসের বিষয়টি সর্বজনীন করা যেতে পারে।

বিইআরসি এমন একসময়ে নতুন বিনিয়োগকারীর জন্য গ্যাসের দাম বাড়াল, যখন বাংলাদেশ বিদেশিদের ইতিবাচক মনোভাব ও বিনিয়োগে জটিলতা দূর করার বিষয়গুলো নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ঢাকায় চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন করে বিদেশিদের সামনে নতুনভাবে বাংলাদেশকে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়টি বিডার চেয়ারম্যান তার চিঠিতেও তুলে ধরেছেন।

বিডার চেয়ারম্যান বলেন, সম্প্রতি বিডা আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সামিট ২০২৫’-এ ৪০টি দেশ থেকে প্রায় ৪৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নিয়েছেন। এই বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের বিদ্যমান সুযোগ-সুবিধা দেখে এখানে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। বেশ কয়েকজন বিনিয়োগকারী সমঝোতা স্মারক স্বাক্ষর এবং চুক্তি করে বাংলাদেশ বিনিয়োগ প্রতিশ্রুতি প্রদান করেছেন।

সামিটের ঠিক পরপর বিইআরসি বৈষম্যমূলক গ্যাসের মূল্যবৃদ্ধির এ ঘোষণায় বিনিয়োগ আগ্রহীদের মধ্যে নিঃসন্দেহে একটি নেতিবাচক মনোভাব সৃষ্টি হবে বলে মনে করেন বিডার নির্বাহী চেয়ারম্যান।

বিনিয়োগ সম্মেলন শেষে বিডার চেয়ারম্যান এক সংবাদ সম্মেলনে জানান, ‘আমাদের উদ্দেশ্য হলো বিদেশিদের মনোভাবে পরিবর্তন আনা। আমরা সেটা করতে পেরেছি। আমাদের এখন দুটি কাজ। একটি সংস্কার এবং পাশাপাশি একটি পাইপলাইন তৈরি করা। এতে যারা এখান থেকে ঘুরে গেলেন, তাদের বিনিয়োগ যে একটা কাঠামোয় আসে।’

এদিকে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এক বিবৃতিতে জানায়, নতুন ও বিদ্যমান গ্রাহকদের জন্য আলাদা গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। এতে দেশে বিনিয়োগ ও শিল্পের প্রসার বাধাগ্রস্ত হবে। এজন্য গ্যাসের মূল্য পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সংগঠনটি।

শুধু নতুন বিনিয়োগকারী নন, অনুমোদিত লোডের বেশি ব্যবহারকারী শিল্পপ্রতিষ্ঠানকেও বাড়তি মূল্য দিতে হবে বলে বিইআরসির ঘোষণায় বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত