নিউ এলিফ্যান্ট রোডে গলায় ফাঁস দিয়ে চিকিৎসকের আত্মহত্যা

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০২:৩১ পিএম

রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে নিজের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক হোমিওপ্যাথিক চিকিৎসক। নিহত চিকিৎসকের নাম আরাফাত হোসেন খান (৩৫)।

ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নিউ এলিফেন্ট রোডের তেলের গলির ২৫৭/২ নম্বর বাড়ির চতুর্থ তলায়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরাফাত হোসেন খান টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাসিন্দা। তার বাবার নাম ডা. গোলাম হোসেন খান। এক সন্তানের জনক আরাফাত পরিবার নিয়ে নিউ এলিফেন্ট রোডের ওই বাসায় ভাড়া থাকতেন। কাঁটাবন এলাকায় ছিল তার হোমিওপ্যাথিক চেম্বার।

নিহতের বাবা ডা. গোলাম হোসেন খান জানান, আরাফাত দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছিল। সকালে নিজ কক্ষে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত