খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি প্রফেসর ড. মোহান্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীরা মশাল মিছিল করেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটক সংলগ্ন কুয়েট উড পাদদেশে বিক্ষোভ মিছিল করে।
এরপর সেখান থেকে তারা মশাল মিছিল সহকারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে শেষ করে। শিক্ষার্থীদের পক্ষে প্রেস ব্রিফিং করেন বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের শিক্ষার্থী রাহাতুল ইসলাম, ১৯ ব্যাচের শিক্ষার্থী শেখ জাহিদ ও একই ব্যাচের শিক্ষার্থী গালিব রাহাত।
প্রেস ব্রিফিংয়ে তারা অভিযোগ করে বলেন, আমাদের কতিপয় শিক্ষক আমাদের বিরুদ্ধে কর্মচারী-কর্মকর্তাদের সঙ্গে মানববন্ধনে দাঁড়িয়েছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই— আমাদের সংগ্রাম শিক্ষকদের বিরুদ্ধে নয়। তারা আমাদের পিতৃতুল্য। কিন্তু আমরা ব্যথিত যে দুইমাস ধরেও আপনারা আমাদের বিরুদ্ধে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে কোনো মানববন্ধন করেননি। আমাদের নামে মিথ্যা মামলা হলেও আমাদের পক্ষে দাঁড়িয়ে মানববন্ধন করেননি। আর এখন আপনারা আমাদের বিরুদ্ধে কীভাবে গেলেন? যেখানে সারাদেশ আমাদের পক্ষে দাঁড়াচ্ছে।
শিক্ষার্থীরা বলেন, আমরা চাই সে ৩৭ জনের তালিকা দ্রুত প্রকাশ করা হোক। এতে ছাত্রদলের শিক্ষার্থীরা ব্যতীত নিরীহ কেউ থাকলে তদন্ত কমিটি কেন তাকে সাময়িকভাবে বহিষ্কার করলো তার জবাব দিতে হবে?
