পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. মহিউদ্দীন মহারাজ ও পিরোজপুর এলজিইডি অফিসের সাবেক প্রধান প্রকৌশলীসহ একটি চক্র বিভিন্ন প্রকল্পের কাজ না করেই ১ হাজার ৭৯ কোটি ৪ লাখ ৯৩ হাজার ৮৩৯ টাকা আত্মসাৎ করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে এসব অর্থ আত্মসাতের তথ্য-প্রমাণ পাওয়ায় ২৭ জনের বিরুদ্ধে আটটি পৃথক মামলা করা হয়েছে। দুদকের পিরোজপুর জেলা কার্যালয়ে এসব মামলা করা হয়।
এদিকে জালিয়াতির মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৩২ কোটি ৬৯ লাখ ৫৯ হাজার টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ২৩ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব মামলা করার বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের তথ্যমতে, পিরোজপুর জেলার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের নামে হাজার কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ জমা পড়ে দুদকে। সংস্থাটির প্রাথমিক অনুসন্ধানে কাজ না করে বিভিন্ন প্রকল্পের মোট ১ হাজার ৭৯ কোটি ৪ লাখ ৯৩ হাজার ৮৩৯ টাকা আত্মসাতের সত্যতা পাওয়া যায়। পরে এ ঘটনায় পৃথক আটটি মামলা হয়েছে।
মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হরিনপালা ট্রেডার্সের মালিক সাবেক এমপি মো. মহিউদ্দীন মহারাজ, পিরোজপুর এলজিইডি অফিসের সাবেক প্রধান প্রকৌশলী মো. আলী আখতার হোসেন ও প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সাত্তার হাওলাদারসহ ২৭ জনকে আসামি করা হয়েছে।
দুদকের অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ এবং শক্তিশালীকরণ প্রকল্পের (বিডিআইআরডব্লিউএসপি) আওতাধীন ১১৮টি স্কিমের কাজ না করেই ৪০৮ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করা হয়। ২০১৮-১৯ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত সময়ে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার আয়রন ব্রিজ পুনর্বাসন প্রকল্পের (আইবিআরপি) আওতাধীন ১২৮টি স্কিমের ২৭৭ কোটি ৫৭ লাখ ৯৮ হাজার টাকা লোপাট করা হয়। ২০২১-২২ ও ২০২৩-২৪ অর্থবছরে পিরোজপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (পিডিআরআইডিপি) ৩১টি স্কিমের ৯০ কোটি ৮৬ লাখ ১৯ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এ ছাড়া ২০১৮-১৯ অর্থবছরে পিরোজপুর জেলা প্রকল্পের (বিজেপি) আওতাধীন ৩১টি স্কিমের কাজ না করেই ৭০ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ৪৩৯ টাকা আত্মসাৎ করা হয়।
অনুসন্ধান প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে, ২০২১-২২ ও ২০২৩-২৪ অর্থবছরে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন (সিএএফডিএআরআইডি) প্রকল্পের আওতায় ৬৪টি স্কিমের ২০৬ কোটি ৬০ লাখ ৫৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে অগ্রাধিকারভিত্তিক গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইআরআইডিপি-৩) দুটি স্কিমের কাজ না করেই ১০ কোটি ৫০ লাখ ৩৯ হাজার টাকা আত্মসাৎ করা হয়। একই সময়ে পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচি প্রকল্পের (জিওবি মেইনটেন্যান্স) আওতাধীন দুটি স্কিমের কাজ না করেই ১০ কোটি ৫০ লাখ ৩৯ হাজার এবং উপজেলা মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রকল্পের দুটি স্কিমের ৩ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে মামলা : ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৩২ কোটি ৬৯ লাখ ৫৯ হাজার ৭৮ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল বৃহস্পতিবার দুদকের ঢাকা জেলা কার্যালয়ে মামলাটি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশ করে ইমিনেট ট্রেডার্স নামীয় একটি নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান খুলে ইউসিবি ব্যাংকের চট্টগ্রাম খাতুনগঞ্জ শাখা থেকে ২০ কোটি টাকা ঋণ গ্রহণ করেন। পরে সেই টাকা নামসর্বস্ব অন্য প্রতিষ্ঠান ইম্পেরিয়াল ট্রেডিং ও মডেল ট্রেডিংয়ের হিসাবে লেয়ারিংয়ের মাধ্যমে স্থানান্তর করে অবৈধভাবে আরমিট সিমেন্টের ২০ কোটি টাকা দায় শোধ করা হয়েছে। ওই টাকা সুদাসলে ৩২ কোটি ৬৯ লাখ ৫৯ হাজার ৭৮ টাকা বিদেশে পাচারসহ আত্মসাৎ করায় মামলাটি করা হয়।
