সিলেট স্টেডিয়ামের ইনডোরে বসছে অস্ট্রেলিয়ান টার্ফ

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ এএম

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইনডোরের সুবিধা বাড়াতে চলছে সংস্কার কাজ। সরানো হয়েছে পুরনো টার্ফ। চার কোটি টাকা ব্যয়ে সেখানে বসানো হবে নতুন তিনটি অস্ট্রেলিয়ান টার্ফ। ইতিমধ্যে সেগুলো আমদানি করা হয়ে গেছে। ঈদের আগেই সেগুলো বসানোর কথা থাকলেও স্থানীয়দের সেটা বসানোর কৌশল জানা না থাকায় কাজ শেষ হয়নি।

গত জানুয়ারিতে বিপিএলের সময় সংস্কারকাজ করতে দেখা যায়। ঐ সময় পুরনো টার্ফ তুলতে দেখা গিয়েছিল শ্রমিকদের। বাংলাদেশ সেনাবাহিনী এই কাজে খুব পরিশ্রম করেছিল। জানা গিয়েছিল রোজার ঈদের আগেই কাজ শেষ হয়ে যাবে। তবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ শুরু হবে আজ রবিবার থেকে। অথচ টার্ফই বসানো হয়নি এখনো। এই বিষয়ে জানতে চাইলে সিলেট ভেন্যুর দায়িত্বে থাকা এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয়রা এটা বসাতে পারবে না। অস্ট্রেলিয়ানদের এসেই এটা বসিয়ে দিয়ে যেতে হবে। এদের আসার কথা ছিল আগেই। তবে আসতে পারেনি। শুনেছি আগামী কোরবানির ঈদের আগে তারা আসতে পারে। তারা এলে সেটা বসানো হবে।’

সিন্থেটিক অস্ট্রেলিয়ান টার্ফ দেখতে আসল ঘাসের মতো হওয়াতে বাস্তবের ঘাসের মাঠে খেলার অভিজ্ঞতার মতো মনে হয়। টার্ফ কিছুটা সফট হওয়াতে এতে ইনজুরির ঝুঁকি কম। পানি জমে না তাই যেকোনো পরিবেশেই রাখা যায়। যে কারণে রক্ষণাবেক্ষণের খরচও কম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত