গাজীপুর মহানগরীর টঙ্গীতে মালিহা আক্তার (৬) ও মো. আবদুল্লাহ (৪) নামের সন্তানকে ঘরে থাকা বটি দিয়ে মা সালেহা বেগম নিজেই কুপিয়ে হত্যা করেছেন। গত শুক্রবার মধ্যরাতে সালেহা বেগম নিজেই পুলিশের কাজে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে কেন বা কী কারণে হত্যা করেছেন সে বিষয়টি জানা যায়নি। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য থেকে পুলিশ ধারণা করছে, মা সালেহা মাইগ্রেন বা মানসিক সমস্যায় থাকতে পারেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান শনিবার ওই তথ্য নিশ্চিত করেছেন।
গাজীপুরের টঙ্গীর আরিচপুর জামাইবাজার এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে শুক্রবার সন্ধ্যায় এই দুই শিশু ভাই-বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই ঘর থেকে রক্তমাথা একটি বটি উদ্ধার করা হয়।
নিহত মালিহা আক্তার ও মো. আবদুল্লাহর বাবার নাম আবদুল বাতেন মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে আরিচপুর জামাইবাজার এলাকার সেতু ভিলা নামের আটতলা একটি ভবনের তৃতীয়তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন।
পুলিশ জানায়, টঙ্গীর আরিচপুর যে বাড়িতে ওই পরিবার ভাড়া থাকতেন সেখানে আশপাশে বেশ কয়েকটি সিসিটিভির ক্যামেরা রয়েছে। এসব ক্যামেরার ফুটেজ থেকে দেখা গেছে ঘটনাটি যে সময়ে ঘটেছে সেই সময়ের মধ্যে তাদের ঘরে বা ফ্লাটে মা সালেহা বেগম ছাড়া আর কাউকে যাতায়াত করতে দেখা যায়নি। এ ছাড়া ঘটনার পর মা নিজেই পাশের বাড়ি থেকে তার দুই দেবরকে ডেকে নিয়ে আসেন। তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় সন্ধ্যায় তাকে আটক করে থানা পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়। ওই সময় তার হাতেও তাজা একটি কাটা দাগ দেখে পুলিশের আরও সন্দেহ হয়। একপর্যায়ে মধ্যরাতে ওই নারী তার দুই সন্তানকে হত্যা করার কথা স্বীকার করেন। তবে কেন বা কী কারণে হত্যা করেছেন সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।
পুলিশ আরও জানায়, সালেহা বেগমের স্বজনরা জানিয়েছে তিনি মাইগ্রেনের সমস্যায় আছেন। কিন্তু মানসিক সমস্যা রয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। চিকিৎসকদের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে আরও পরিষ্কার হওয়া যাবে। পুলিশ এখন তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান বলেন, ঘটনাটি নিয়ে এখন তদন্ত চলছে। আমরা জানার চেষ্টা করছি কেন বা কী কারণে দুই সন্তানকে তিনি হত্যা করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
