সংস্কারবিহীন নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ পিএম

সংস্কার ছাড়া জাতীয় সংসদ কিংবা স্থানীয় সরকার, কোনও নির্বাচনেই ভালো ফল আসবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ।

আজ রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে স্থানীয় সরকার কমিশনের প্রতিবেদন দাখিল-পরবর্তী ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মূল সংস্কারগুলো না করে নির্বাচন করলে কোনও লাভ হবে। অনেকে স্থানীয় সরকার নির্বাচন চান, আমরাও চাই- তবে মূল সংস্কারগুলো না করে নির্বাচন করলে কোনো লাভই হবে না। তাই আমরা সংস্কারটাকে প্রধান্য দিয়েছি। সংস্কারগুলোর পরে নির্বাচন করেন কোনও অসুবিধা নেই।

তোফায়েল আহমেদ বলেন, ২০২০-২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো  হয়েছে, তাতে সরকারের খরচ হয়েছে ২৩০০ কোটি টাকার মতো। কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা গেলে এই খরচ ৭০০ কোটিতে নেমে আসবে এবং ২২৫ দিনের সময় ৪০ দিনে নেমে আসবে। আর নির্বাচনকেন্দ্রিক লোক নিয়োগ করা হয়েছিল ১৯ লাখের মতো, সেটা ৯ লাখে চলে আসবে। এটা একটা মৌলিক সংস্কার বলে মনে করি আমরা।

এর আগে বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় স্থানীয় সরকার সংস্কার কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত