আগের রাতেই নাটকীয় এক কামব্যাকে জয় তুলে নিয়ে রিয়াল মাদ্রিদকে খোঁচা দিয়েছিল বার্সেলোনা। আর্সেনালের বিপক্ষে রিয়ালের ব্যর্থতা মনে করিয়ে দিয়ে নিজেদের উল্টো সাফল্যের গল্প বলেছিল কাতালান ক্লাবটি। কিন্তু সেই খোঁচার জবাব দিতে খুব একটা সময় নিল না চিরপ্রতিদ্বন্দ্বীরা।
লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে শেষ মুহূর্তে ফেদে ভালভের্দের দুর্দান্ত গোলে ১–০ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সার মতোই ম্যাচের অন্তিম সময়ে গোল করে ‘কামব্যাক’ করল আনচেলত্তির শিষ্যরা। এই জয়ে শিরোপা দৌড়ে নিজেদের দারুণভাবে টিকিয়ে রেখেছে স্প্যানিশ জায়ান্টরা।
৩২ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট এখন ৬৯। সমান ম্যাচে বার্সার সংগ্রহ ৭৩ পয়েন্ট। দুই দলেরই হাতে আছে ৬টি করে ম্যাচ। আগামী ১১ মে লা লিগায় ‘এল ক্লাসিকো’য় মুখোমুখি হবে তারা। সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, সে ম্যাচেই নির্ধারিত হবে এবারের শিরোপার ভাগ্য।
মৌসুমজুড়ে দুর্দান্ত পারফর্ম করা বিলবাও আগের লেগে রিয়ালকে হারিয়েছিল। ফলে ম্যাচটি নিয়ে ছিল বাড়তি উত্তেজনা ও শঙ্কা। বিশেষ করে এমবাপ্পেবিহীন রিয়াল প্রথমার্ধে সুবিধা করতে পারেনি। মাঝমাঠে ধীর গতি আর আক্রমণে ধারহীনতা চোখে পড়েছে।
তবে দ্বিতীয়ার্ধে রূপ পাল্টায় রিয়াল। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে বিলবাও রক্ষণকে। ৮২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র গোল করেও উদ্যাপন জমাতে পারেননি—ভিএআরের বিচারে অফসাইডে বাতিল হয় গোলটি। কিছুক্ষণ পর বেলিংহাম ফাউলের শিকার হলে পেনাল্টির দাবি তোলে রিয়াল, কিন্তু রেফারি সেদিকে কর্ণপাত করেননি।
ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছে, ঠিক তখনই যোগ করা সময়ের তিন মিনিটে নায়ক হয়ে আবির্ভূত হন ফেদে ভালভের্দে। বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক ভলিতে গোল করে দলকে এনে দেন মহামূল্যবান তিন পয়েন্ট। শেষ বাঁশি বাজার পর যেন হাঁফ ছেড়ে বাঁচে সান্তিয়াগো বার্নাবু।
ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, “ভালভের্দে এই ম্যাচে ছিল দুর্দান্ত। প্রথমার্ধে আমরা কিছুটা ধীরগতির খেললেও দ্বিতীয়ার্ধে ফিরেছি আমাদের রিয়াল রূপে। আর্সেনালের কাছে হেরে বিদায়ের পর আমরা একটা বার্তা দিতে চেয়েছিলাম, সেটা আমরা দিয়েছি।”
লা লিগার জমজমাট শিরোপা লড়াই এখন নতুন মোড় নিতে যাচ্ছে। এল ক্লাসিকোর দিকে তাকিয়ে আছে পুরো ফুটবলবিশ্ব।
লেইস্টার অবনমিত, শেফিল্ডের প্রিমিয়ারে ফেরা অনিশ্চিত, কী করবেন হামজা
লিভারপুলের অপেক্ষা বাড়ালো আর্সেনাল