পল্লীবিদ্যুৎ সমিতির অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সভা

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১২:৪১ এএম

ঝালকাঠির রাজাপুরে পল্লীবিদ্যুৎ সমিতির অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি বাজারে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ওপর স্থানীয় পল্লীবিদ্যুতের ভুক্তভোগী গ্রাহকরা এই মানববন্ধনের আয়োজন করেন।

প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাতুরিয়া ইউনিয়ন জামায়াতের আমির মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য জাকির হোসেন, ব্যবসায়ী দেলোয়ার হোসেন, মীর মো. বাবুল, রাকিব হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি মাসের বিদ্যুৎ বিলের চেয়ে এ মাসে প্রায় দুই থেকে তিন গুণ বেশি বিল করে গ্রাহকদের কাছে সরবরাহ করেছে পল্লীবিদ্যুৎ। মাসিক সংগৃহীত ইউনিটের অতিরিক্ত মিটার রিডিং দেখিয়ে অবৈধভাবে অর্থ আত্মসাৎ করা হয়। অর্থ লেনদেন ছাড়া গ্রাহকদের কোনো সেবা দেওয়া হয় না। এ ব্যাপারে পল্লীবিদ্যুৎ সমিতির রাজাপুর সাব-জোনাল অফিসের ডিজিএম আতাউর রহমান বলেন, ‘আমরা রিডিং দেখে বিদ্যুৎ বিল তৈরি করি। রিডিংয়ের বাইরে এক টাকাও বেশি নিই না।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত