গুলশানে অটোরিকশাচালকদের হামলায় মামলা করেনি কেউ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৪৬ এএম

রাজধানীর গুলশান সোসাইটিতে ব্যাটারিচালিত অটোরিকশা ঢুকতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে পথচারীদের ওপর হামলার ঘটনায় মামলা করেনি কেউ। ফলে ওই ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশাচালকদের গ্রেপ্তার করা হয়নি। বনানী থানার ইন্সপেক্টর (তদন্ত) এ কে এম মঈনউদ্দিন বলেন, পথচারীদের ওপর হামলার ঘটনায় গতকাল রাত ৯টা পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় অভিযোগ করেনি। যার কারণে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি।

এক প্রশ্নের জবাবে এ কে এম মঈনউদ্দিন বলেন, কাউকে মারধর করা হলে মামলা ওই ভিকটিমকেই করতে হবে। এসব ঘটনায় পুলিশের নিজের থেকে কিছু করার সুযোগ নেই। তবে, কোনো ভুক্তভোগী থানায় এলে আমরা অবশ্যই মামলা নেব এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

কয়েক দিন ধরে সোসাইটিতে অটোরিকশা ঢুকতে বাধা দিচ্ছিলেন গুলশান সোসাইটির নিরাপত্তাকর্মীরা। এতে ক্ষুব্ধ হয়ে গত সোমবার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন অটোরিকশা চালকরা। একপর্যায়ে ওই পথে যাতায়াতকারী সাধারণ মানুষ ও মোটরসাইকেল চালকদের ওপর হামলা চালানো শুরু করেন তারা। এ ছাড়া বিদেশি নাগরিকদেরও হেনস্তা করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত