ঈশ্বরগঞ্জে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ  

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১২:২০ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজকে এইচএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে অনুমোদন দেওয়ার দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। এতে অংশ নেয় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ও ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে ফের মিছিল নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সামনে জড়ো হয়ে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মহাসড়ক অবরোধের সংবাদ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন ইউএনও এরশাদুল আহমেদ। এ সময় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের বুঝিয়ে তাদের দাবি পূরণের আশ্বাস দেন। আশ্বাস পেয়ে মহাসড়ক ছাড়ে শিক্ষার্থীরা। একই দিন দুপুরে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদনও করে শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত